ঢাকা
১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে আজ এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ৩৫ বার পঠিত
চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে আজ এইচএসসি পরীক্ষা

ছবি: -সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চললেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এক ফেসবুক পোস্টে জানান, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রগুলো পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী রয়েছে।

তিনি বলেন, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের উদ্বেগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহ্দী আমিন জানান, সাম্প্রতিক ভারী বর্ষণে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্য সব বোর্ডে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ, দীর্ঘদিনের প্রস্তুতি এবং মানসিক অবস্থার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। নিরাপদ পরিবেশে পরীক্ষা আয়োজনের পাশাপাশি নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন করাও সরকারের দায়িত্ব।

শিক্ষা মন্ত্রণালয় গত কয়েক দিন ধরে আবহাওয়া অধিদপ্তর এবং বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

সরকার জানিয়েছে, কোথাও জলাবদ্ধতা বা যাতায়াত সমস্যার কারণে পরীক্ষার্থীদের অসুবিধা হলে স্থানীয় প্রশাসন প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষার সময় বৃদ্ধি কিংবা পরীক্ষা স্থগিতের মতো সিদ্ধান্ত নিতে পারবে।

এ ছাড়া বিরূপ আবহাওয়ার কারণে দেশের কোনো অঞ্চলের শিক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারলে, তিনি চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

অন্যদিকে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল শনাক্ত হওয়ায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031