https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় বৈরী আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্ন প্রণয়নের ঘটনায় দায়ী শিক্ষকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এ ঘোষণা দেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিকূল পরিস্থিতির কারণে কিছু পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই বিশেষ বিবেচনায় অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। যেসব শিক্ষার্থী বৈরী আবহাওয়া বা অন্য অনিবার্য কারণে কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া ওই একই বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী এই বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভুল প্রশ্ন প্রণয়নের দায়ে সংশ্লিষ্ট শিক্ষকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে থাকা ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে, যাতে তারা কোনো ধরনের ক্ষতির মুখে না পড়েন।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের এই সিদ্ধান্ত পরীক্ষার্থীদের উদ্বেগ কমাবে এবং ন্যায়সঙ্গত মূল্যায়ন নিশ্চিত করতে সহায়ক হবে।