https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সব অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের কারণে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জটিলতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট সব পরীক্ষাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে সংশোধিত পরীক্ষার সময়সূচি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার বাইরে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।