https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বরিশালের চরকাউয়া বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। এতে চরকাউয়া থেকে পরিচালিত ছয়টি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রোববার সকাল থেকে চরকাউয়া টার্মিনালে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকরা। বিকেল পর্যন্ত ধর্মঘট অব্যাহত ছিল।
চরকাউয়া টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। প্রতিদিন এসব রুটে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়নি এবং পুরোনো কমিটিই কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে তারা নির্বাচন দাবি করে ধর্মঘটে নেমেছেন।
বাস বন্ধ থাকায় যাত্রীরা মোটরসাইকেল, রিকশা ও ভ্যানে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। তারা দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন।
এদিকে, বাস মালিক সমিতি জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।