https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফরিদপুরের সদরপুর থানার হেফাজতে থাকা হাতিটিকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন আদালত।
সদরপুর থানার পুলিশ জানায়, হাতিটির মালিক নওগাঁ জেলার বাসিন্দা দুলাল দেওয়ান। তিনি সার্কাস পরিচালনা না করলেও বিভিন্ন সার্কাস দলের কাছে হাতিটি ভাড়া দিয়ে থাকেন।
গত ২৮ জুলাই সদরপুর উপজেলার আটরশি এলাকায় হাতি নিয়ে সড়কে চাঁদা তুলছিলেন মাহুত বকুল মিয়া। এ সময় চাঁদা এড়াতে গিয়ে একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় মায়ের সঙ্গে থাকা ১০ মাস বয়সী আরিশা জান্নাত গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা মাহুতকে মারধর করে এবং হাতিটিকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে গ্রেপ্তার করে এবং হাতিটিকে জব্দ করে সদরপুর থানায় নিয়ে আসে। বর্তমানে মাহুত বকুল মিয়া কারাগারে রয়েছেন।
হাতিটির বিষয়ে পরবর্তী করণীয় জানতে পুলিশ আদালতের শরণাপন্ন হলে আদালত বনবিভাগের কাছে হস্তান্তরের পরিবর্তে মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
গত সাত দিন হাতিটিকে সদরপুর থানা চত্বরে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। এ সময় মালিকের পক্ষ থেকে পাঠানো মাহুত নাজমুল সরদার হাতিটির খাবার, গোসল, হাঁটানো ও সার্বক্ষণিক পরিচর্যার দায়িত্ব পালন করেন।
থানায় রাখা হাতিটি দেখতে প্রতিদিন শিশু থেকে বৃদ্ধ—বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন। অনেকে হাতিটির ছবি ও ভিডিও ধারণ করেন।