গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ইজ্জতপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আল আমিন (৩২) ও তার স্ত্রী রিনা আক্তার (৩০)। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
স্বজনদের বরাতে জানা গেছে, প্রায় চার বছর আগে পরিবারের অমতে বিয়ে করে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। সম্প্রতি অনলাইন জুয়ায় আসক্ত হওয়া নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই কলহ হতো। এ কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্বজনরা ধারণা করছেন।
তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। শ্রীপুর থানার ওসি শাহিনুর আলম জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।