https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
খুলনা নগরের করিমনগর এলাকায় এক কলেজছাত্রকে খুঁজতে এসে তার বাবাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই ছাত্রের মা শিমুল বেগমের গায়ে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিমুল বেগম (৪০) ওই এলাকার মুঠোফোন ব্যবসায়ী মো. মুকুলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, করিমনগর এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন মুকুল। সোমবার সকালে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ব্যক্তি ওই বাড়িতে আসেন। তারা নিচতলার ফটক খুলে ভেতরে ঢুকে তৃতীয় তলায় গিয়ে মুকুলের কলেজপড়ুয়া ছেলেকে খুঁজতে থাকেন।
মুকুল তাদের কাছে ছেলে খোঁজার কারণ জানতে চাইলে একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় আগত ব্যক্তিদের একজন মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার স্ত্রী শিমুল বেগমের কোমরের পেছনের ডান পাশে লাগে।
মুকুল জানান, তার ছেলে বাড়িতে নেই বলে জানালেও দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়নি। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আহত শিমুল বেগমকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিভিন্ন তথ্য পাওয়া গেছে, সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, মুকুল ও তার পরিবার এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। কেন তাদের ওপর এ হামলা হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করছে পুলিশ।