https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের ট্যাংক থেকে গ্যাস ছড়িয়ে পড়লে শ্রমিকসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে সানি দাস, পলাশ দাস ও মোহাম্মদ হাবিবের নাম জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।
ইয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাংকে লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম পুলিশ সুপার মাহমুদা বেগমও জানিয়েছেন, বিস্ফোরণের খবর সঠিক নয়। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েই হতাহতের ঘটনা ঘটেছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে, গ্যাস নির্গমনের কারণ এবং শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।