ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত বেড়ে ৯

জেলা প্রতিনিধি
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত বেড়ে ৯

ছবি: -সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জুনায়েত কাউছার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজে হাউসকিপিংয়ের কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে ১৫ থেকে ২০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়।

তবে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ দাবি করেন, হতাহতদের অনেকে শ্রমিক নন, তারা উৎসুক জনতা। তার ভাষ্য, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংকে লিকেজ দেখা দিলে স্থানীয় লোকজন তা দেখতে গেলে গ্যাসে আক্রান্ত হন।

ইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা সাইফুজ্জামান জানান, সেখানে কোনো বিস্ফোরণ ঘটেনি। গ্যাস লিক হয়ে বিষক্রিয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। প্রথম দিকে অনেকে ঘটনাটিকে বিস্ফোরণ বলে মনে করেছিলেন।

চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগমও বিস্ফোরণের খবর সঠিক নয় বলে জানিয়েছেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান বলেন, ১০ শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন। বাকিদের সর্বশেষ অবস্থা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, গ্যাস নির্গমন নাকি বিস্ফোরণ—ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তাও তদন্ত করা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031