https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
লক্ষ্মীপুরে নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে মেঘনা নদীর তীব্র স্রোতে মো. মিলন (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘার চরের কাটাখালী চরের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ মিলন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আলী হাসান গ্রামের দুলাল হোসেনের ছেলে।
নৌ-পুলিশ ও স্থানীয়রা জানান, মিলনসহ ৪২ জন বন্ধু মজুচৌধুরীর হাটের পশ্চিমে মেঘনা নদীর মেঘার চরে ঘুরতে যান। সেখানে তারা ফুটবল খেলছিলেন। একপর্যায়ে ফুটবল নদীতে পড়ে গেলে মিলনসহ চারজন সেটি উদ্ধারের জন্য পানিতে নামেন।
এ সময় নদীতে জোয়ার শুরু হলে তীব্র স্রোত ও ঢেউয়ের মধ্যে মিলন গভীর পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে চরে উঠে আসতে সক্ষম হন।
স্থানীয়রা জানান, অমাবস্যার প্রভাবে গত কয়েকদিন ধরে মেঘনায় স্রোতের তীব্রতা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল।
মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) আজিজুল হক বলেন, জোয়ারের তীব্র স্রোতে মিলন নামে একজন নদীতে তলিয়ে গেছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা অভিযান চালাচ্ছেন।
শুক্রবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়েও মিলনের সন্ধান পাওয়া যায়নি।