দেশের বাজারে সোনার গহনার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় গহনার দাম সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছিল বাজুস। এক সপ্তাহের ব্যবধানে এবার একই পরিমাণ দাম কমানো হলো।

মন্তব্য করুন