বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যে বিশ্বের শান্তিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় জাতীয়তাবাদী ওলামা দলের এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অস্ত্রের পরিবর্তে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। তারেক রহমান জাতিসংঘে বিভিন্ন দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তার বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়েও বক্তব্য দিয়েছেন।

রিজভী আরও বলেন, বিশ্বের মানুষ যুদ্ধ নয়, শান্তি চায়। যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়ে, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, শিল্পকারখানা বন্ধ হয়ে যায় এবং কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়।