দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, হাট-বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্মিত চার-পাঁচতলা ভবনের ছাদের আয়তন বিবেচনায় নিয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণ করতে হবে। এরপর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় বাড়ার সুযোগ তৈরি হবে।
সৌরবিদ্যুৎ স্থাপনে হাট ও বাজারের ইজারা আয়ের অর্থ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী ইজারা আয়ের ১০ শতাংশ সংশ্লিষ্ট হাট-বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে এবং আরও ১০ শতাংশ উপজেলার আওতাধীন হাট-বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে ব্যয়ের জন্য নির্ধারিত।
এ অর্থ ব্যবহার করে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও তা বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করতে বলা হয়েছে। এ ছাড়া সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণ চুক্তি করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে, অর্থাৎ ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সব ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

মন্তব্য করুন