চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই দাবিতে আগামী রোববার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তারা নতুন উপাচার্যের পরিবর্তে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানান। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন উপাচার্যকে তারা কোনোভাবেই মেনে নিতে চান না। আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে দেয়াল লিখনের ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ জানিয়েছেন, রোববার থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু হবে। তবে হল ও জরুরি কার্যক্রম কর্মসূচির আওতামুক্ত থাকবে।
চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনও শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে সেদিন রাত থেকেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।
এর আগে গত ২৭ জুলাই অধ্যাপক সায়েম চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। মাত্র ৫৬ দিনের মধ্যে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্যাম্পাসে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচিও পালন করছেন।

মন্তব্য করুন