কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তাদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের ‘দোসর’ ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে—এমন ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগাতে হবে। এ কাজে যারা সফলভাবে ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সম্প্রতি এমন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশের গোয়েন্দা তথ্যকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা আরও কার্যকরভাবে ব্যবহারের নির্দেশ দেন।
শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফেরানোর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত চাওয়া হয়েছে। কেউ স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন