কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে এবং আত্মরক্ষায় বিজিবি পাল্টা ফায়ার করেছে। বর্তমানে ওই সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও অতিরিক্ত সতর্কতা বিরাজ করছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে সীমান্তে ঘাস কাটতে গেলে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল সাজুলকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গুলিবিদ্ধ হয়। তাকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, বিএসএফের হঠাৎ গুলিবর্ষণের পর বিজিবির টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে পাল্টা গুলি চালায়। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে, ঘটনার পর স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে আটক করেছে বলে দাবি করলেও বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।