দোকানপাট, মার্কেট ও শপিং মল খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে এসব প্রতিষ্ঠান।
রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয়।
বৈঠকে মার্কেটগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে, সারা দেশে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি বৈঠকে তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। তাদের দাবি, প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন গ্রাহকরা। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
প্রিপেইড বিদ্যুৎ মিটার নিয়েও আলোচনা হয় বৈঠকে। সমিতির অভিযোগ, গ্রাহক দুই হাজার টাকা রিচার্জ করলেও বিভিন্ন চার্জ, ভ্যাট ও অন্যান্য খাতে টাকা কেটে নেওয়ায় মিটারে তুলনামূলক কম অর্থ জমা হয়। এ সমস্যা সমাধানে গ্রাহক যত টাকা রিচার্জ করবেন, মিটারে যেন সেই পুরো অর্থ প্রদর্শিত হয়, এমন প্রস্তাব দেওয়া হয়। সমিতির বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রী এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।
এ ছাড়া বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগের সার্ভিস লাইনের তার চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

মন্তব্য করুন