কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। একই রাতে জেলার আরেকটি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। পরপর এমন ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে শহরের মজমপুর দাদাপুর সড়কে পুলিশ লাইন-সংলগ্ন জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত হননি।
আদালতের বেঞ্চ সহকারী তারিক আহম্মেদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত দেখতে পান। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে বাসভবন লক্ষ্য করে ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করতে দেখা গেছে। পরে তারা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
একই রাতে জেলার দুটি স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার তদন্ত চলছে।

মন্তব্য করুন