গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠির জবাব ভারত দেবে বলে প্রত্যাশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ এই চুক্তি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নতুন করে করা হবে, নাকি বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদ্যমান চুক্তিটিই নবায়ন করে অব্যাহত রাখতে চায়। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ঢাকা।
তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী এবং গঙ্গা চুক্তির গুরুত্ব দেশটি ভালোভাবেই জানে। তাই চিঠির জবাব দিয়ে আলোচনার টেবিলে বসার উদ্যোগ নেবে বলে আশা করছে বাংলাদেশ। এ ক্ষেত্রে দরকষাকষির পরিবর্তে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।
চলতি বছরের মধ্যে দুই দেশের মধ্যে এ বিষয়ে বৈঠক হবে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, যথাসময়ে দুই দেশের প্রধানরা বসবেন এবং সব সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করেন।
এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য দণ্ডিত ও অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফেরানোর বিষয়ে অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
তিনি জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় এসব প্রত্যর্পণের ক্ষেত্রে নির্দিষ্ট প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ফলে সময় লাগতে পারে। তবে ভারতের সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রক্রিয়াটি দ্রুত করা সম্ভব।
শামা ওবায়েদ আরও বলেন, হাদি হত্যাকাণ্ডের আসামিদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। পাশাপাশি ভারতে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামিদেরও ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত থাকবে। এ বিষয়ে ভারত প্রক্রিয়াটি আরও দ্রুত এগিয়ে নেবে বলে প্রত্যাশা বাংলাদেশের।

মন্তব্য করুন