দেশের সব মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শন করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ নিয়ম বাস্তবায়নে সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট লাগাতে হবে। এতে ব্যবহৃত বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এ ছাড়া নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব প্লেটেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। নিবন্ধন নম্বরের অনুলিপি সামনে প্রদর্শনের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বর উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে সব শর্ত মেনে নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের জন্য মোটরসাইকেলের মালিকদের অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।