সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)। আজ মহাষষ্ঠী। দেবীর বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
প্রচলিত নিয়মে দুর্গাপূজা মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন উদযাপিত হয়। তবে এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন হওয়ায় উৎসব চলবে ছয় দিন। সূচি অনুযায়ী, শনিবার মহাসপ্তমী, রোববার অতিরিক্ত মহাসপ্তমীর পূজা, সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমী উদযাপিত হবে। বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন করবেন এবং নৌকায় বিদায় নেবেন। শাস্ত্রীয় বিশ্বাসে, কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা প্রতিবছর তাঁর বাপের বাড়ি মর্ত্যে আসেন। অসুর শক্তির বিনাশ ও অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসেবে দুর্গাপূজা উদযাপিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে রেকর্ডসংখ্যক ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি।
অন্যদিকে, ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় মণ্ডপের সংখ্যা তিনটি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে।
ষষ্ঠীর মধ্য দিয়ে পূজামণ্ডপগুলোতে শুরু হচ্ছে উৎসবের আনুষ্ঠানিকতা। আগামী কয়েক দিন পূজা, অঞ্জলি ও নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে মুখর থাকবে মণ্ডপগুলো।

মন্তব্য করুন