মেয়ের সাফল্য নিজের চোখে দেখার আনন্দ যেকোনো মা-বাবার জন্যই বিশেষ। ভারতের গোয়াভিত্তিক বিমান সংস্থা ফ্লাই৯১-এর জুনিয়র ফার্স্ট অফিসার আনিকার জীবনে ঘটেছে এমনই এক স্মরণীয় ঘটনা। মেয়ের পাইলট হিসেবে দায়িত্ব পালনের মুহূর্তকে বিশেষ করে তুলতে তিনি যে ফ্লাইট পরিচালনা করছিলেন, সেই ফ্লাইটের যাত্রী হিসেবে মা-বাবাকে আমন্ত্রণ জানায় বিমান সংস্থাটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আনিকা ও তাঁর মা-বাবার কয়েকটি ছবি প্রকাশ করে এ তথ্য জানায় ফ্লাই৯১। সংস্থাটি জানিয়েছে, নতুন পাইলটদের কর্মজীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে তারা এ ধরনের উদ্যোগকে নিয়মিত ঐতিহ্যে পরিণত করতে চায়।
ফ্লাই৯১-এর পোস্টে বলা হয়, আনিকার মা-বাবাকে সেই ফ্লাইটেই নেওয়া হয়েছিল, যেটি তিনি পরিচালনা করছিলেন। এতে তাঁরা মেয়েকে নতুন দায়িত্বে আকাশে উড়তে দেখার সুযোগ পান। মেয়ের দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নের বাস্তব রূপ নিজের চোখে দেখা মা-বাবার জন্য ছিল গর্বের ও আবেগঘন অভিজ্ঞতা।
বিমান সংস্থাটি আরও জানায়, আনিকার জন্য ফ্লাইটটি ছিল বিশেষ স্মৃতিময়, আর তাঁর মা-বাবার জন্য এটি ছিল অমূল্য এক মুহূর্ত।
ফ্লাই৯১ জানিয়েছে, নতুন পাইলটদের প্রথম দিকের গুরুত্বপূর্ণ অর্জন উদযাপনের অংশ হিসেবে এ উদ্যোগ চালু করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, কোনো নতুন পাইলট ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর তাঁর প্রিয়জনদের একটি ফ্লাইটে আমন্ত্রণ জানানো হবে।
বিমান চালনার মতো চ্যালেঞ্জিং পেশায় পৌঁছাতে পাইলটদের দীর্ঘ প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের পাশাপাশি পরিবার ও প্রিয়জনদের সমর্থনও গুরুত্বপূর্ণ। সেই যাত্রায় পাশে থাকা মানুষদের সম্মান জানানো এবং তাঁদের আনন্দের অংশীদার করতেই ফ্লাই৯১-এর এই বিশেষ উদ্যোগ।

মন্তব্য করুন