নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। মাদক চোরাচালান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন তিনি।
নিহত লুৎফুজ্জামান আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উতরাইল বাজারের একটি দোকানে বসেছিলেন আলিফ। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ আলিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
ওসি খন্দকার শাকের আহমদ খান জানান, আলিফের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
এদিকে, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত ১০ নভেম্বর দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলেন আলিফ। ওই সময় তাঁকে কুপিয়ে জখম করা হয়। তাঁর সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাঁকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক চোরাচালান নিয়ে লেখালেখি করা এই সাংবাদিকের ওপর আগের হামলার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

মন্তব্য করুন