দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে করেন তারা। এবার বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছেন এই তারকা দম্পতি।

তাদের আসন্ন সিনেমা ‘রণবলী’র প্রচারণামূলক অনুষ্ঠানে স্ত্রী ও সহ-অভিনেত্রী রাশমিকার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরেন বিজয়। আবেগঘন বক্তব্যে তিনি জানান, ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর এটি তাদের একসঙ্গে তৃতীয় সিনেমা।

রাশমিকার অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করে বিজয় বলেন, অভিনেত্রী ও মানুষ, দুই পরিচয়েই এই সিনেমায় রাশমিকার অসাধারণ উন্নতি তিনি দেখেছেন। কাজের প্রতি তার একাগ্রতা ও অদম্য মনোভাব তাকে অনুপ্রাণিত করে। রাশমিকার পেশাদারিত্ব ও সাফল্যে স্বামী হিসেবে তিনি গর্বিত বলেও জানান এই অভিনেতা।

রাশমিকাকে নিজের সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী উল্লেখ করে বিজয় বলেন, তার সঙ্গে পর্দায় কাজ করার সময় নিজের ঘরে থাকার মতো স্বাচ্ছন্দ্য অনুভব করেন তিনি।

সিনেমাটিতে ‘জয়াম্মা’ চরিত্রের জন্য রাশমিকাই ছিলেন তার একমাত্র পছন্দ। বিজয়ের মতে, এই চরিত্রে রাশমিকার মতো করে অন্য কেউ প্রাণবন্ত অভিনয় করতে পারতেন না।

রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ঐতিহাসিক প্রেক্ষাপটের অ্যাকশন সিনেমা ‘রণবলী’ ১৬ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তির কথা রয়েছে। তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম ও কন্নড়, পাঁচটি ভাষায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।