ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু হলে দেশটির জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার জন্য নিজেদের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) বোমা ব্যবহারের সম্ভাবনা নিয়ে পরিকল্পনা করছে। এ বিষয়ে অবগত কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে সিএনএন।
ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকায় নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বোমা ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। বিভিন্ন জনমত জরিপে যুদ্ধের প্রতি অসন্তোষ এবং জ্বালানি ও অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধির কারণে ট্রাম্পের রিপাবলিকান দল চাপের মুখে রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও গ্রীষ্মকাল থেকে আলোচনা কার্যত স্থবির হয়ে আছে।
তবে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে এমওএবি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তাঁদের মতে, বোমাটি মূলত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর জন্য তৈরি। গভীর ভূগর্ভে প্রবেশ করে বিস্ফোরণ ঘটানোর উপযোগী করে এটি নির্মাণ করা হয়নি।
এ ধরনের শক্তিশালী বোমা ব্যবহারে বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কাও রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন সামরিক অভিযান কমিয়ে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে বার্তা সংস্থা এএফপি।
উল্লেখ্য, ২০১৭ সালে আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে প্রথমবারের মতো এমওএবি বোমা ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী। সে সময় সুড়ঙ্গ ও বাংকারের একটি জটিল নেটওয়ার্কে বোমাটি নিক্ষেপ করা হয়। এতে ৯০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছিল বলে জানানো হয়।


মন্তব্য করুন