সৌদি আরবের চারটি গন্তব্যে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। এ সিদ্ধান্তের ফলে ভারত হয়ে সৌদি আরবে যাতায়াতকারী বাংলাদেশি প্রবাসী ও অন্যান্য যাত্রীদের ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত এক সপ্তাহে ঢাকা থেকে সৌদিগামী যাত্রীদের জন্য ইন্ডিগোর ২২টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিগো। সংস্থাটি জানায়, সৌদি আরবের পরিবর্তনশীল পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা থেকে যাওয়া-আসার ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল রাখা হয়েছে।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে গত কয়েক দিনে ঢাকা থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১০৩টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে মোট ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবগামী ৬১টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।
ইন্ডিগো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিট বুকিংয়ের সময় দেওয়া যোগাযোগের তথ্য ব্যবহার করে প্রয়োজনীয় নোটিশ পাঠানো হচ্ছে। ট্রাভেল এজেন্সি বা অন্য কোনো ভ্রমণ সহযোগীর মাধ্যমে টিকিট কাটা যাত্রীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বিভিন্ন বিমান সংস্থা ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ও চলাচল স্থগিত করছে। এতে কর্মস্থলে ফেরা প্রবাসী, নতুন কর্মী এবং ছুটি কাটিয়ে দেশে ফেরা যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন।
এ পরিস্থিতিতে সৌদিগামী যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে ইন্ডিগো। বিশেষ করে ট্রানজিট যাত্রীদের ঢাকা থেকে প্রথম ফ্লাইটের পাশাপাশি পরবর্তী সংযোগকারী ফ্লাইট চালু রয়েছে কি না, তা যাচাই করতে বলা হয়েছে।

মন্তব্য করুন