বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা ও একটি লাল কার্ডের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে বিতর্কের মধ্যে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে তাঁর ক্ষমা চাওয়ায় সন্তুষ্ট নন সমালোচকেরা। এ নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নেতৃত্ব নিয়ে অসন্তোষ আরও বেড়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কাউন্সিলের সাড়ে তিন ঘণ্টার বৈঠকে বিতর্কিত দুটি বিষয়ে ইনফান্তিনোর কাছে ব্যাখ্যা চান সদস্যরা। এর মধ্যে রয়েছে ৪২০ কোটি ডলারের বিশ্বকাপ বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা এবং বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের ঘটনায় ট্রাম্পের হস্তক্ষেপের বিষয়টি।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনাটি গত জুলাইয়ে তীব্র সমালোচনার মুখে বাতিল করা হয়। তবে বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেননি ইনফান্তিনো বলে অভিযোগ করেছেন ইউরোপীয় ফুটবল কর্মকর্তারা।
জার্মান ফুটবল ফেডারেশনের প্রধান ও ফিফা কাউন্সিল সদস্য বের্ন্ড নয়েনডর্ফ বলেন, ‘কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।’
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ও ফিফার সহসভাপতি ডেবি হিউইটও ইনফান্তিনোর ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, প্রশ্নগুলোর উত্তর দেওয়া ফিফা সভাপতির দায়িত্ব। তাঁর মতে, ইনফান্তিনো এসব প্রশ্নের জবাব না দিলে ফিফার সভাপতি হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।
এদিকে আগামী ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ১৮ নভেম্বর পর্যন্ত প্রার্থী মনোনয়নের সুযোগ রয়েছে। ইনফান্তিনোর বিরোধীরা এরই মধ্যে বিকল্প প্রার্থী খুঁজছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে আফ্রিকার ফুটবল কর্মকর্তাদের সমর্থন এখনো তাঁর জন্য গুরুত্বপূর্ণ শক্তি। মৌরিতানিয়া ফুটবল ফেডারেশনের প্রধান আহমেদ ইয়াহইয়া ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে বলেন, তাঁরাই মনে করেন, ফুটবলের নেতৃত্বে থাকার জন্য ইনফান্তিনোই উপযুক্ত ব্যক্তি।
এদিকে ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের প্রত্যেককে আগামী চার বছরে অতিরিক্ত দেড় কোটি ডলার দেওয়ার প্রস্তাবও এগিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর দোহায় ফিফা কাউন্সিলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

মন্তব্য করুন