রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি।
শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কামচাতকার ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠের প্রায় ১৪০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই।
ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন