যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক কাউন্টিতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। মঙ্গলবার রাতে রীডসবার্গ শহরের কাছে ঘন বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সাউক কাউন্টি শেরিফের দপ্তর এক বিবৃতিতে দুর্ঘটনার তথ্য জানায়। স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে শেরিফের ডেপুটি ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তল্লাশি চালিয়ে বিমানের ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়।

কর্মকর্তারা জানান, বিমানটি উইসকনসিনের কেনোশা শহর থেকে মেনোমোনির দিকে ফিরছিল। তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল পাইপার পিএ-৪৬ মডেলের।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট বিমানের ডানায় বরফ জমার কথা জানান এবং নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল অনুমতি দেওয়ার পর বিমানটি ডান দিকে মোড় নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে এর অবতরণের গতি বেড়ে যায় এবং বিমানটির সঙ্গে যোগাযোগ ও তথ্য অনুসরণ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারীরা ঘটনাস্থলে যাচ্ছেন। বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথন এবং ওই এলাকার আবহাওয়া দুর্ঘটনায় ভূমিকা রেখেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এনটিএসবি জানিয়েছে, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে।