বৈশ্বিক কূটনীতি, আন্তর্জাতিক সমস্যা সমাধান ও নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে—বিইউপিতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী মডেল জাতিসংঘ সম্মেলন। ১৫ থেকে ১৭ অক্টোবর আয়োজিত এ সম্মেলনে বিইউপিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫৪৭ জন শিক্ষার্থী ও প্রতিনিধি অংশ নেন। জাতিসংঘের কার্যপ্রণালি অনুসরণ করে আয়োজিত এ সম্মেলনে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, যুক্তি উপস্থাপন এবং কূটনৈতিক সমঝোতার চর্চা করেন।
বিইউপির নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ এবং বৈশ্বিক বিষয়াবলি পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত সম্মেলনে ৪০ জন নির্বাহী বোর্ড সদস্য ও বিচারক দায়িত্ব পালন করেন। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের প্রতিনিধির ভূমিকায় সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ বিশ্লেষণ এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি যুক্তিনির্ভর চিন্তা, বক্তব্য উপস্থাপন, সিদ্ধান্ত গ্রহণ ও দলগতভাবে কাজ করার দক্ষতা বিকাশের সুযোগ পান তাঁরা।
শনিবার, ১৭ অক্টোবর বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এ ধরনের সম্মেলন আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বাড়ানোর পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করে। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এবং বৈশ্বিক সমস্যা সমাধানে পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনুধাবনেও এ আয়োজন ভূমিকা রাখবে।

মন্তব্য করুন