মক্কায় একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর বাংলাদেশ মিশনকে জানায়নি সৌদি কর্তৃপক্ষ। গণমাধ্যমে খবর প্রকাশের পর তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এ চিঠি পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, দুই বাংলাদেশির বিচারপ্রক্রিয়া কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ মিশনকে কোনো কূটনৈতিক পত্র বা আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। ফলে গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে উদ্যোগ নেয় কনস্যুলেট।
সৌদি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বুধবার মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এখন তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃতি, বিচারপ্রক্রিয়া এবং আদালতের রায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ কনস্যুলেট। সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর এ বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।


মন্তব্য করুন