কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে নিখোঁজদের সন্ধান, আগুনের কারণ অনুসন্ধান এবং পর্যটনকেন্দ্রগুলোতে অগ্নিনিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় মন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ঘটনার পর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দলটি দুর্ঘটনার পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পর্যটকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এ ছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে জরুরি সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হবে।

পর্যটনকেন্দ্রগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধার কার্যক্রম বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।