হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—বেবিচক। শনিবার, ১৭ অক্টোবর এ-সংক্রান্ত প্রকাশিত তথ্যে জানানো হয়, বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় স্থাপন করা হয়েছে ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর। এর মাধ্যমে আগত যাত্রীরা উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া সরাসরি দেখতে পারবেন।

নতুন ব্যবস্থায় লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানোর দৃশ্য মনিটরে দেখানো হবে। ফলে যাত্রীরা তাঁদের লাগেজ কোথায় এবং কীভাবে প্রক্রিয়াজাত হচ্ছে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। বেবিচকের আশা, এ উদ্যোগের ফলে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং লাগেজ হারানো বা ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের উদ্বেগ কমাতে সহায়তা করবে।

বেবিচক জানিয়েছে, দেশি-বিদেশি যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা গড়ে তোলার অংশ হিসেবেই প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা চালু করা হয়েছে। বিশেষ করে প্রবাসীসহ আগত যাত্রীরা যেন নির্বিঘ্নে নিজেদের লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই বিমানবন্দরের লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে নজরদারি বাড়ানো হচ্ছে।