সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে নতুন গাড়ি কেনা, সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে অংশগ্রহণসহ বিভিন্ন খাতে ব্যয় বন্ধ বা কঠোরভাবে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একই সঙ্গে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ এবং সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ প্রদানের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারের মতে, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত পরিপত্রটি সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সরকারি খাতের করপোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।
পরিপত্র অনুযায়ী, নতুন অর্থবছরে সরকারি অর্থায়নে নতুন যানবাহন কেনা, বিদেশ সফর ও বিদেশে প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ থাকবে। একই সঙ্গে নতুন অবকাঠামো নির্মাণ ও ভূমি অধিগ্রহণের মতো ব্যয়বহুল প্রকল্প গ্রহণেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি কেনার উদ্দেশ্যে সুদমুক্ত ঋণ দেওয়ার কার্যক্রমও স্থগিত রাখা হবে।
অর্থ বিভাগ জানিয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকারি ব্যয় আরও দক্ষ ও সাশ্রয়ীভাবে পরিচালনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সরকারের প্রত্যাশা, এসব পদক্ষেপ সরকারি ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

মন্তব্য করুন