সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ দাবি জানিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিরাও আক্রান্ত হয়েছেন।

নাহিদ ইসলামের অভিযোগ, আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা সম্ভব কি না, তা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবির বিষয়ে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি নাহিদ ইসলাম।