পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্পিকারের নেতৃত্বে এই সফরে অংশ নিচ্ছে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। এতে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টিও গুরুত্ব পাবে।

সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।