২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯টি উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে। এতে নতুন করে কতজন শিক্ষার্থী পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা বোর্ডভিত্তিক ফল বিশ্লেষণে জানা যাবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে।

এবারই প্রথম এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হয়েছে। ফলে নম্বর যোগ-বিয়োগের ভুল সংশোধনের পাশাপাশি পরীক্ষার্থীদের উত্তরপত্রের মূল্যায়নও নতুন করে পর্যালোচনা করা হয়েছে।

এর আগে, গত ৩১ অক্টোবর প্রকাশিত হয় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

মূল ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি বোর্ডে আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আওতায় আসে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্রের পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। এরপর চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি, রাজশাহীতে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোরে ৯৭ হাজার ৬১৮টি এবং কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি আবেদন জমা পড়ে।

এ ছাড়া দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২টি, বরিশালে ৫৩ হাজার ৪০৯টি, সিলেটে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়।

শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল দেখতে পারছেন। পাশাপাশি আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও পাঠানো হয়েছে ফলাফল।