গত বছর মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। প্রতিদ্বন্দ্বিতা করে জায়গা করে নিয়েছিলেন সেরা ৩০-এ। এবার সেই একই প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের নতুন প্রতিনিধি সামিরা খান মাহির পাশে দাঁড়াতে সুদূর পুয়ের্তো রিকোয় ছুটে গেলেন তিনি।
ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। বন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে পাশে থাকতে ২৪ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রা শেষে সেখানে পৌঁছেছেন মিথিলা।

পুয়ের্তো রিকোয় পৌঁছেই মাহির সঙ্গে দেখা করেন তিনি। দুই বন্ধুর আবেগঘন আলিঙ্গনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন মিথিলা। সেখানে ১৫ বছরেরও বেশি সময়ের বন্ধুত্বের স্মৃতিচারণ করেছেন এই মডেল।

মিথিলা লিখেছেন, ‘১৫ বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব, একসঙ্গে বড় হওয়া। আজ পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্সের মঞ্চে এই মুহূর্তটা আমাদের দুজনের জন্যই কতটা স্পেশাল, ভাষায় প্রকাশ করা কঠিন। ২৪ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট জার্নি শেষ করে যখন সরাসরি মাহির কাছে ছুটে গেলাম আর জড়িয়ে ধরলাম, তখন মনে হলো আমাদের ছোটবেলার সব স্বপ্ন যেন আজ এক সুতোয় গেঁথে গেছে।’

বন্ধুর এমন অর্জনে গর্ব প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘প্রিয় মাহি (আমাদের মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬), তুই আজ শুধু নিজের জন্য নয়, পুরো বাংলাদেশকে বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে প্রতিনিধিত্ব করছিস। তোর এই পরিশ্রম, আত্মবিশ্বাস আর সততা আমার বুকটা গর্বে ভরে দেয়। তোর পাশে থাকতে পেরে, এই ঐতিহাসিক মুহূর্তে তোর হাতটা ধরে রাখতে পেরে আমার কী যে আনন্দ হচ্ছে, তা বোঝাতে পারব না।’

এদিকে মাহির প্রতি সমর্থন জানিয়ে মিস ইউনিভার্সের পিপলস চয়েস বিভাগে বাংলাদেশের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মিথিলা। তাঁর প্রত্যাশা, সবাই মিলে ভোট দিয়ে মাহিকে এগিয়ে নেবেন।

২০২৫ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তানজিয়া জামান মিথিলা। ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের ইতিহাসে এটিই ছিল বাংলাদেশের প্রথম টপ ৩০ অর্জন।

গত বছর যে মঞ্চে নিজেই ছিলেন প্রতিযোগী, এবার সেখানে বন্ধুর সাহস ও অনুপ্রেরণা হয়ে হাজির হয়েছেন মিথিলা।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে।