https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীর সংসদ ভবন ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৬ আগস্ট বুধবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় নির্ধারিত এলাকাগুলোতে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন করা যাবে না। একই সঙ্গে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ প্রদর্শনও করা যাবে না।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা। এর সঙ্গে বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকাও রয়েছে।
এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি, পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথও এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।