প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে কেন্দ্র করে ঢাকা-জাপানের নারিতা রুটে ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ অক্টোবর থেকে সপ্তাহে একটি ফ্লাইটের পরিবর্তে দুটি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
নতুন সূচি অনুযায়ী, প্রতি সোমবারের পাশাপাশি বৃহস্পতিবারও ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করা হবে। এতে দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, চলতি মাসের শেষ দিক থেকেই ঢাকা-নারিতা রুটে দ্বিতীয় ফ্লাইট যুক্ত হচ্ছে। ২৯ অক্টোবর থেকে এটি নিয়মিত চলাচল শুরু করবে।
আগামী ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৯ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
বিমান কর্তৃপক্ষের আশা, ফ্লাইটের সংখ্যা বাড়লে জাপানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে ১৭ বছরের বিরতি শেষে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে উড়োজাহাজের সংকট, পরিচালন ব্যয় ও বাণিজ্যিক বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই এ রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়।
দীর্ঘ বিরতির পর গত জুলাইয়ে আবারও এই রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান। এবার সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তে জাপানগামী যাত্রীদের জন্য আকাশপথে যোগাযোগের সুযোগ আরও সম্প্রসারিত হচ্ছে।

মন্তব্য করুন