সমাজের প্রচলিত রীতির বাইরে গিয়ে ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সম্মান ও মর্যাদার বার্তা ছড়িয়ে দিয়েছেন রংপুরের বদরগঞ্জের সমাজকর্মী মোরশেদুল হক। তাঁর উদ্যোগে আয়োজিত দাড়িয়াবান্ধা খেলার অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পেয়েছেন একজন ভ্যানচালক। আর বিশেষ অতিথি হয়েছেন জুতা মেরামতকারী, ঝালমুড়ি বিক্রেতা ও মসজিদের খাদেম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মানসিংহপুর অফিসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। ‘মাদককে না বলি, বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ি’ স্লোগান সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতির আসনে বসেন ভ্যানচালক মো. সিদ্দিক আলী। বিশেষ অতিথি ছিলেন জুতা মেরামতকারী বুদারু রায়, ঝালমুড়ি বিক্রেতা আব্দুল মতিন সরকার এবং মুন্সিপাড়া মসজিদের খাদেম এজাবুল মুন্সি।
জীবনে প্রথমবার কোনো অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পেয়ে আবেগাপ্লুত হন সিদ্দিক আলী। তিনি বলেন, কখনো কোনো অনুষ্ঠানে অতিথি হওয়ার সুযোগ পাননি। এমন সম্মান পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত।
আয়োজক মোরশেদুল হক বলেন, পেশা কিংবা আর্থিক অবস্থা দিয়ে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। সমাজের প্রত্যেক মানুষেরই সম্মান ও মর্যাদা রয়েছে। পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা মানুষদের সামাজিক অনুষ্ঠানে সম্মানিত করার লক্ষ্যেই তাঁর এ উদ্যোগ।
তিনি আরও বলেন, মাদক ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় সমস্যা। এসবের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করতেই ঐতিহ্যবাহী খেলাটিকে বেছে নেওয়া হয়েছে।
আয়োজকের মতে, খেলাধুলা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বাড়ায়। একই সঙ্গে দাড়িয়াবান্ধার মতো হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাগুলোর চর্চাও ফিরিয়ে আনা সম্ভব।

মন্তব্য করুন