ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়িতে চুরি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়িতে চুরি

ছবি: -সংগৃহীত

অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে অবস্থিত গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় চোরেরা বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফজলুর রহমান বাবু। এর আগে সোমবার রাতে বাড়িতে গিয়ে চুরির বিষয়টি টের পান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, বাবু তার পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তবে নিজের জন্মস্থান হওয়ায় মাঝেমধ্যে ফরিদপুরের ‘কামরাঙ্গা’ নামের বাড়িটিতে আসেন। বাড়িটির চারপাশে সীমানাপ্রাচীর রয়েছে। ভেতরে রয়েছে দোতলা ভবন ও বাগান।

ফজলুর রহমান বাবু জানান, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তিনি ফরিদপুরের বাড়িতে এসেছিলেন। দুদিন অবস্থানের পর ঢাকায় ফিরে যান। সোমবার রাতে আবার বাড়িতে এসে প্রথমে বিদ্যুতের বাতি জ্বালাতে গিয়ে দেখেন, সেগুলো জ্বলছে না।

পরে বাইরে গিয়ে দেখতে পান, বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখেন এসির তারও খুলে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া বাড়ির বাইরে থাকা আরও কিছু মালামালও পাওয়া যায়নি।

অভিনেতা বলেন, এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়েছে, যা উদ্বেগজনক। তার ধারণা, চুরি করা ব্যক্তিদের অনেকে মাদকাসক্ত এবং নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন বাড়িতে চুরি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930