রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘জেলার ২’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। গত ১৫ অক্টোবর মুক্তির পর মাত্র পাঁচ দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় ৪৭৭ কোটি রুপি ছাড়িয়েছে। এবার ৫০০ কোটি রুপির মাইলফলক স্পর্শের অপেক্ষায় রয়েছে সিনেমাটি।বাণিজ্যিক তথ্যভিত্তিক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে ৫৯ দশমিক ৭ কোটি রুপি। প্রথম সোমবার, অর্থাৎ মুক্তির পঞ্চম দিনে আয় কিছুটা কমে ৪২ দশমিক ৩৫ কোটি রুপিতে দাঁড়ায়। এ নিয়ে ভারতে সিনেমাটির মোট নিট আয় হয়েছে ২৪২ দশমিক ২৫ কোটি রুপি। দেশটিতে এর মোট গ্রস আয় ২৮৩ দশমিক ৭৫ কোটি রুপি।আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। পঞ্চম দিনে বিদেশের বাজার থেকে ১০ কোটি রুপি আয় করেছে ‘জেলার ২’। এতে সিনেমাটির মোট বৈদেশিক আয় দাঁড়িয়েছে ১৯৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির আয় হয়েছে ৪৭৭ দশমিক ৭৫ কোটি রুপি। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নিয়মিত শো শুরুর আগেই আরও ২ দশমিক ২৬ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

ছবিটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক নেলসন দিলীপকুমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দর্শক ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, প্রেক্ষাগৃহে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। রজনীকান্তের পর্দার উপস্থিতি এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করেছে। ‘জেলার ২’-কে এত ভালোবাসা ও গ্রহণযোগ্যতা দেওয়ায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সান পিকচার্স প্রযোজিত অ্যাকশন থ্রিলারটিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন এস জে সূর্য, বিদ্যা বালন, মিঠুন চক্রবর্তী, রম্যা কৃষ্ণন, যোগী বাবু, শিবরাজকুমার, মোহনলাল ও জ্যাকি শ্রফসহ আরও অনেকে।