বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা গেল বাঙালি নারীর ঐতিহ্যবাহী সাজে। গাঢ় গোলাপি শাড়ি, নীল ব্লাউজ আর সোনালি গয়নায় দুর্গাপূজার অনুষ্ঠানে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তাঁর উৎসবের সাজ এখন আলোচনায়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ অক্টোবর মহাষ্টমী ও মহানবমী উপলক্ষে মুম্বাইয়ের ৮০তম নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে যান আলিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জি। পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার পাশাপাশি অভিনেত্রীর পোশাক ও সাজসজ্জাও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

এদিন আলিয়ার পরনে ছিল উজ্জ্বল ফুশিয়া গোলাপি রঙের শাড়ি। শাড়ির সোনালি গোটাপট্টির কাজ তাঁর সাজে এনেছে আভিজাত্য। বাঙালি কায়দায় শাড়ি পরার ধরন এবং কাঁধে সুন্দর করে সাজানো আঁচল ফুটিয়ে তুলেছে ঐতিহ্যবাহী লুক।

গোলাপি শাড়ির সঙ্গে বৈপরীত্য তৈরি করেছে ফিরোজা-নীল ব্লাউজ। গোলাকার গলার নকশা ও ছোট পাফ স্লিভের ব্লাউজটি তাঁর সাজে যোগ করেছে ভিন্নমাত্রা। পেছনের সোনালি কারুকাজও ছিল নজরকাড়া।

গয়নার ক্ষেত্রে আলিয়া বেছে নিয়েছিলেন সোনালি ঝুমকা, একাধিক চুড়ি, নকশাদার আংটি ও ইয়ার চেইন। মাঝখানে সিঁথি করে চুল বেঁধেছিলেন পরিপাটি খোঁপায়। তাতে রঙিন ফুলের সাজ যোগ করেছে উৎসবের আমেজ। কপালে ছোট্ট টিপ, হালকা চোখের মেকআপ ও মৃদু রঙের লিপস্টিকে পূর্ণতা পেয়েছে তাঁর সাজ।

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন আলিয়া। পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তাঁর সহশিল্পী রণবীর কাপুর ও ভিকি কৌশল। বহুল প্রতীক্ষিত সিনেমাটি ২০২৭ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।