https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পাওনা পারিশ্রমিক চাইতে গিয়ে মারধর, গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। রাজকাপুর শর্মা নামে এক কাঠমিস্ত্রির অভিযোগের ভিত্তিতে বেহালা থানায় সোহম ও তার দেহরক্ষীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
অভিযোগপত্রে রাজকাপুর জানান, গত ১২ মে সোহমের বাড়িতে আলমারি তৈরির কাজ পান তিনি। ৫৫ হাজার রুপিতে কাজটি করার চুক্তি হয়। এর মধ্যে অগ্রিম হিসেবে তাকে ৩০ হাজার রুপি দেওয়া হয়েছিল।
রাজকাপুরের দাবি, চুক্তি অনুযায়ী কাজের প্রায় ৮০ শতাংশ শেষ করার পর তাকে আরও দুটি আলমারি তৈরির দায়িত্ব দেওয়া হয়। সেগুলোরও প্রায় অর্ধেক কাজ শেষ করেছিলেন তিনি। কিন্তু এরপর আর পারিশ্রমিক না পাওয়ায় বকেয়া অর্থ চাইতে সোহমের বাড়িতে যান।
অভিযোগ অনুযায়ী, পাওনা টাকা চাইতেই সোহম তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে তাকে গালিগালাজ ও মারধর করা হয়। এ সময় সোহমের দেহরক্ষী তোতন সর্দারও সেখানে ছিলেন বলে অভিযোগ করেছেন রাজকাপুর।
রাজকাপুর আরও অভিযোগ করেন, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। পরে তিনি বেহালা থানায় সোহম ও তার দেহরক্ষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে।
তবে এ অভিযোগের বিষয়ে সোহম চক্রবর্তীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগেও সোহমের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। গত জুলাইয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লাখ রুপি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। হুগলির আরামবাগের ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম এ বিষয়ে টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ করেছিলেন।
এর আগে বিধায়ক থাকাকালে কলকাতার একটি রেস্তোরাঁয় শুটিং করতে গিয়ে কর্মীদের সঙ্গে সোহমের বচসার ঘটনাও আলোচনায় এসেছিল। ওই ঘটনায়ও তার বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ উঠেছিল।