ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণের চরিত্রে আমির খান

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণের চরিত্রে আমির খান

ছবি: -সংগৃহীত

বয়স ৬১ হলেও পর্দায় এবার ২৫ বছরের তরুণ হিসেবে হাজির হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় নির্মিতব্য ‘লালকারা’ সিনেমায় এমনই এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন তিনি।

চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে ইতোমধ্যে নিজের শারীরিক গঠনে পরিবর্তন আনার কাজ শুরু করেছেন আমির। সিনেমার প্রয়োজন অনুযায়ী কঠোরভাবে ওজন কমাচ্ছেন তিনি। পাশাপাশি চেহারা ও শারীরিক গঠনেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে।

‘লালকারা’কে একটি ক্রীড়াভিত্তিক সিনেমা হিসেবে নির্মাণ করা হচ্ছে। এর গল্প ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে কেন্দ্র করে তৈরি হতে পারে। সিনেমায় আমিরকে দেখা যাবে ২৫ বছর বয়সী এক তরুণের ভূমিকায়।

চরিত্রের প্রয়োজনে নিজের শারীরিক গঠনে ব্যাপক পরিবর্তন আনার জন্য আমির খানের বেশ পরিচিতি রয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তাই ৬১ বছর বয়সে তাকে ২৫ বছরের তরুণের চরিত্রে কতটা বিশ্বাসযোগ্য দেখায়, তা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

‘লালকারা’র মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করছেন আমির খান। এর আগে ২০০১ সালে মুক্তি পাওয়া ঐতিহাসিক সিনেমা ‘লাগান’-এ একসঙ্গে কাজ করেছিলেন তারা। ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি ব্যাপক সাফল্য ও প্রশংসা পেয়েছিল।

এবারও ক্রিকেটনির্ভর গল্প নিয়ে পর্দায় ফিরছেন এই জুটি। সিনেমাটিতে ফারহান আখতারের অভিনয়ের খবর ছড়ালেও পরে জানা যায়, তিনি অভিনেতা হিসেবে এতে যুক্ত নন। তবে প্রযোজক হিসেবে সিনেমাটির সঙ্গে থাকছেন তিনি। রিতেশ সিধওয়ানির সঙ্গে ফারহানের প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।

তবে আপাতত ‘লালকারা’ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আমিরের বয়স কমিয়ে ২৫ বছরের তরুণের রূপ ধারণ এবং সেই চরিত্রের জন্য তার ওজন কমানোর বিষয়টি ঘিরে। পর্দায় ৬১ বছরের আমিরকে ২৫ বছরের যুবকের চরিত্রে কতটা বাস্তবসম্মত লাগে, সেটিই এখন দেখার অপেক্ষা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930