https://timenewsbangla.com

নিহত মুহাম্মদ জয়নাল আবেদীন ছবি: -সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মুহাম্মদ জয়নাল আবেদীন (৩২)। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই মুহাম্মদ জাফরকে (৩৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেসবুক আইডি ব্লক করা নিয়ে একই গ্রামের বাসিন্দা শাহাজাহানের সঙ্গে জাফরের বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
সংঘর্ষ থামাতে এগিয়ে আসেন জাফরের ছোট ভাই জয়নাল। এ সময় জাফরের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, বিভিন্ন পারিবারিক বিষয় নিয়েও দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।