নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ১৩ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে রয়েছেন ট্রাকচালকও।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে আসা আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নয়জন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক আলমগীর হোসেন ১৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দুর্ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।