ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত

ছবি: -সংগৃহীত

অসুস্থ মাকে চিকিৎসকের কাছে দেখাতে ঢাকায় গিয়েছিলেন মিজান শেখ। বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে একটি চোরচক্র। পরে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ৭ ভরি ১৫ আনা স্বর্ণালঙ্কার। এ ঘটনায় চোরাই স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পালং মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।

গ্রেপ্তার পাঁচজন হলেন নড়িয়া উপজেলার বিল দেওয়ানিয়া এলাকার আতাহার মাদবর (৩৬), পালং মডেল থানার গয়ঘর খলিফাকান্দি এলাকার সুমন সরদার (৩০), মো. রুবেল বেপারী (৩০), মো. সাগর খলিফা (২৯) ও শিপলু খান (৪৫)। এ ছাড়া চোরাই স্বর্ণ কেনার অভিযোগে সুমন পাল (৩২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ আগস্ট বিকেলে অসুস্থ মাকে চিকিৎসকের কাছে দেখাতে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন মিজান শেখ। পরদিন ২৩ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে চোরচক্রের সদস্যরা গয়ঘর খলিফাকান্দি এলাকায় তার বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে একটি ট্রাঙ্কের তালা ভেঙে নগদ ৩৪ হাজার ৫০০ টাকা এবং গলার হার, চেইন, কানের দুল, হাতের বালা ও চুড়িসহ প্রায় ১৫ লাখ ১৪ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

এ ঘটনায় ২৭ আগস্ট থানায় মামলা করেন মিজান শেখ। পরে মামলার তদন্তে নামে পালং মডেল থানা পুলিশের একটি দল।

তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করার পর ২৮ আগস্ট শৌলপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে শৌলপাড়া বাজারের একটি স্বর্ণের দোকান ও সংশ্লিষ্ট এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালঙ্কারের একটি অংশ উদ্ধার করা হয়।

পরে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে গ্রেপ্তার সুমন পালের দেওয়া তথ্যের ভিত্তিতে গঙ্গানগর স্বর্ণকার পট্টির ‘মা জুয়েলার্স’ ও তার বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কারসহ মোট ৭ ভরি ১৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে রয়েছে একটি বড় চেইন, তিনটি মাঝারি চেইন, ছোট-বড় সাতটি আংটি, সাত জোড়া কানের দুল, একটি ব্রেসলেট, একটি গলার নেকলেস, একটি চেইনের লকেট এবং ছোট-বড় তিনটি গলানো স্বর্ণের টুকরা।

ওসি মো. শাহ আলম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের পাঁচ সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ ভরি ১৫ আনা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। চোরাই স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীও গ্রেপ্তার হয়েছেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930