ফারহান আখতার পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘দিল চাহতা হ্যায়’ পেরিয়েছে ২৫ বছর। রজতজয়ন্তী উপলক্ষে সম্প্রতি একত্রিত হয়েছিলেন সিনেমাটির নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। সেই আড্ডায় সিনেমাটির শুটিংয়ের নানা অজানা ঘটনা ও স্মৃতি নিয়ে কথা বলেন আমির খান, সাইফ আলি খান, অক্ষয় খান্না ও ফারহান আখতার।
আলোচনায় উঠে আসে সিনেমাটির অন্যতম আলোচিত একটি দৃশ্য। এতে অক্ষয় খান্নার অভিনীত সিদ্ধার্থ ওরফে সিড চড় মেরেছিলেন আমির খানের অভিনীত আকাশকে। জানা গেছে, ওই দৃশ্যের শুটিংয়ে আমিরকে সত্যিই চড় খেতে হয়েছিল।
ফারহান আখতার জানান, সিনেমায় মারধরের দৃশ্য সাধারণত ক্যামেরার কৌশল কিংবা নকল অ্যাকশনের মাধ্যমে ধারণ করা হয়। তবে ‘দিল চাহতা হ্যায়’-এর ওই দৃশ্যের ক্ষেত্রে বেশিরভাগ চড়ই ছিল সত্যিকারের।
আমির খান জানান, বিভিন্ন অ্যাঙ্গেল ও শটের জন্য দৃশ্যটি মোট ১৭ বার ধারণ করা হয়েছিল। ফারহান বলেন, প্রতিবারই চড়গুলো সত্যিকারের ছিল।
পরিচালক প্রথমে শুধু ওয়াইড অ্যাঙ্গেল শটের জন্য সত্যিকারের চড় চেয়েছিলেন। তবে দৃশ্যটির আবেগ আরও বাস্তবভাবে ফুটিয়ে তুলতে আমির নিজেই পরবর্তী শটগুলোতেও অক্ষয়কে সত্যিকারের চড় মারার অনুরোধ করেন।
ফারহান জানান, শুরুতে তিনি আমিরকে চড় খাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে অক্ষয়কে নির্দেশ দেন, আমির চড়ের জন্য প্রস্তুত হওয়ার সামান্য আগেই যেন তাকে আঘাত করা হয়। এতে তার মুখে স্বতঃস্ফূর্ত বিস্ময়ের অভিব্যক্তি ফুটে উঠবে বলে মনে করেছিলেন পরিচালক।
পরবর্তী সময়ে ওভার-দ্য-শোল্ডার শটেও অক্ষয় যেন সত্যিকারের চড় মারেন, সেই অনুরোধও করেন আমির। তার মতে, বাস্তব আঘাত দৃশ্যটির আবেগকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল।
‘দিল চাহতা হ্যায়’ সিনেমায় আমির খান, সাইফ আলি খান ও অক্ষয় খান্নার পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিনতা, ডিম্পল কাপাডিয়া, সোনালি কুলকার্নি, রজত কাপুর ও আয়ুব খানসহ আরও অনেকে।

মন্তব্য করুন